বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। মোট ৩৬ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন।
দলীয় সূত্র জানায়, প্রায় ৯০০ জন মনোনয়নপ্রত্যাশীর মধ্য থেকে যাচাই-বাছাই শেষে এই তালিকা তৈরি করা হয়েছে। প্রথমে ৩০০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়, পরে সেখান থেকে ৩৬ জনকে চূড়ান্ত করা হয়।
প্রার্থী বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে ১৭ ও ১৮ এপ্রিল রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎকার নেওয়া হয়। এই প্রক্রিয়ায় নেতৃত্ব দেন তারেক রহমান।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
দলীয় সূত্র আরও জানায়, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ত্যাগী, অভিজ্ঞ ও শিক্ষিত নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তালিকায় থাকা উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নিপুণ রায় চৌধুরী, নিলুফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি, ফাহমিদা হক, মমতাজ আলমসহ মোট ৩৬ জন।
মন্তব্য করুন